এটুআই ও শেয়ারট্রিপ চুক্তি সই
দেশব্যাপী সকল ডিজিটাল সেন্টারের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট, ট্র্যাভেল প্যাকেজ, হোটেল বুকিং, বুকিং পরিবর্তন, বুকিং বাতিল, রিফান্ড, ভিসা সহায়তাসহ ট্রাভেল ও ট্যুরিজম-এর সকল সেবা নিরবচ্ছিন্নভাবে প্রদানের উদ্দেশ্যে একসাথে কাজ করবে এটুআই ও শেয়ারট্রিপ লিমিটেড।
রবিবার (৩০ জুন) উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এবং এজেন্সি টু ইনোভেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ভূঞা এবং শেয়ারট্রিপ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিও সাদিয়া হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল সেন্টারসমূহ হবে ট্রাভেল ও ট্যুরিজম হাব, এক ঠিকানায় পাওয়া যাবে সকল টিকেট। এতে নাগরিকের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে।
এদিকে ২৯ জুন মাদ্রাসা পর্যায়ের সক্রিয় জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট শিক্ষা: নেতৃত্বে শিক্ষক’ অবহিতকরণ সভা ও শিক্ষক সম্মেলন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং এটুআই আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও আধুনিক করে প্রগতিশীল দৃষ্টিভঙ্গিসহ ডিজিটাল দক্ষতাসম্পন্ন এবং উদ্ভাবনী নাগরিক, নৈতিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধসম্পন্ন স্মার্ট নাগরিক তৈরিতে স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান ও স্মার্ট শিক্ষা ব্যবস্থা এর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান শাহ আলমগীর, যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান প্রমুখ।







